এল সালভাদোরের বিতর্কিত প্রেসিডেন্ট নাইব বুকেলে আনুষ্ঠানিকভাবে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার লক্ষ্যে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক সমালোচনা ও আইনি বিতর্ক উপেক্ষা করে তিনি বৃহস্পতিবার রাতে দেশটির সর্বোচ্চ নির্বাচনী ট্রাইব্যুনালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। নির্ধারিত শেষ সময়ের ঠিক আগেই নিজের দল 'নিউ আইডিয়াস'-এর হয়ে তিনি এই আবেদন দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ট্রাইব্যুনাল ভবনের বাইরে বুকেলের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। 'বুকেলে ২০২৭' লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা উল্লাস প্রকাশ ও স্লোগান দেন। তিনি পুলিশের একটি বিশেষ গাড়িবহর নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পৌঁছান। একই সময়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে দেশটির ৬০টি সংসদীয় আসন এবং ৪৪টি পৌর পরিষদ আসনের প্রার্থীরাও নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। সালভাদোরান কংগ্রেসে বুকেলের দল নিউ আইডিয়াসের নিরঙ্কুশ সংখ্যাগুরুত্ব রয়েছে, যা গত জুলাই মাসেই তাকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।
প্রার্থিতা দাখিলের এই প্রস্তুতির মধ্যেই বুকেলে প্রতিবেশী হাইতিতে তার অপরাধবিরোধী তৎপরতা জোরদার করেছেন। গত অক্টোবর মাসে হাইতিতে এক গ্যাং হামলায় এল সালভাদোরের চারজন বিমান প্রযুক্তিবিদ নিখোঁজ হওয়ার পর তিনি সেখানে প্রায় ২,৫০০ সেনা পাঠান। তবে সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক চাপ কমানো, নির্বাচনে ঘরোয়া সমর্থন জোরদার করা এবং নিজের দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য সুসংহত করতেই বুকেলে এই অভিযান চালাচ্ছেন। পেশায় সাবেক যোগাযোগ কৌশলবিদ বুকেলে এ ধরনের রাজনৈতিক চমক তৈরি করতে পছন্দ করেন।
ফেব্রুয়ারির ভোট ঘিরে দেশে ও বিদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মধ্য আমেরিকার এই ভঙ্গুর গণতান্ত্রিক দেশের সংবিধানে ঐতিহ্যগতভাবেই পর পর একাধিক মেয়াদে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়া নিষিদ্ধ ছিল। তবে বুকেলের অনুগত বিচারকদের নিয়ে পুনর্গঠিত সুপ্রিম কোর্ট এক আদেশে তাকে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে লড়ার অনুমতি দেয়। পরবর্তীতে ২০২৫ সালে তার দলনিয়ন্ত্রিত সংসদ একটি সাংবিধানিক সংস্কার পাস করে প্রেসিডেন্ট মেয়াদের সীমা পুরোপুরি বাতিল করে এবং জাতীয় নির্বাচন ২০২৯ সাল থেকে এগিয়ে এনে ২০২৭ সালে নির্ধারণ করে।
ক্ষমতায় আসার পর থেকেই বুকেলে ক্ষমতার ভারসাম্য বিনষ্ট করে সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন। একই সঙ্গে তার সরকার বিরোধী দল, স্বাধীন নজরদারি সংস্থা ও সাংবাদিকদের ওপর দমনপীড়ন চালিয়েছে, যার ফলে কয়েক দশক আগের গৃহযুদ্ধের পর দেশটিতে সুশীল সমাজের নাগরিকদের সবচেয়ে বড় দেশত্যাগের ঘটনা ঘটেছে।
সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা অঞ্চলের উপ-পরিচালক হুয়ান পাপিয়ার বলেন, "আদালতে নিজের অনুগতদের বসিয়ে, নিজের পছন্দমতো সংবিধান পুনর্লিখন করে এবং যেসব মানুষ তার সমালোচনা করার সাহস দেখিয়েছেন তাদের কারারুদ্ধ বা নির্বাসনে পাঠাবার পর বুকেলে টানা তৃতীয় মেয়াদে লড়ছেন। নিজের হাতে ক্ষমতার এই চরম কেন্দ্রীকরণই তার প্রশাসনের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।"
তবে প্রথাগত রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণেই মূলত ২০১৯ সালে বুকেলে ক্ষমতায় আসার পথ সুগম হয়, যার ফলে বর্তমান বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাছাড়া, দীর্ঘদিনের গ্যাং সহিংসতায় অতিষ্ঠ হয়ে পড়া সালভাদোরের অনেক সাধারণ নাগরিকই সন্ত্রাসী হামলার শিকার হওয়ার চেয়ে কিছু গণতান্ত্রিক স্বাধীনতা ছেড়ে দেওয়াকেই তুলনামূলক শ্রেয় বলে মনে করছেন।


























