আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায় শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচার পাওয়ার ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক আইনে ১৯৪৮ সালের গণহত্যা সনদ প্রয়োগের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আদালতের ৯-৬ সংখ্যাগরিষ্ঠ রায়ে গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য একটি বিস্তারিত আইনি কাঠামো তুলে ধরা হয়েছে, যা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি গণহত্যা চালিয়েছে বলে রায়ে উল্লেখ করেছে আইসিজে। ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সামরিক অভিযানের সময় নৃশংসতা চরমে পৌঁছায়। আদালত রায়ে উল্লেখ করেছেন, রোহিঙ্গা শিশুদের ওপর হামলা পুরো জনগোষ্ঠীর অস্তিত্বের ভিত্তিকে আঘাত করার শামিল। তথ্যানুযায়ী, ৫ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। একই ধরনের পরিস্থিতির সাথে গাজার যুদ্ধের তুলনা টেনে বিশেষজ্ঞরা বলছেন, সেখানেও ৫ বছরের কম বয়সী পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এছাড়া মিয়ানমারের গ্রাম ধ্বংস করে বুলডোজার দিয়ে বিস্তীর্ণ এলাকা সমতল করা এবং সেখানে নিরাপত্তা স্থাপনা নির্মাণের বিষয়টি গাজার পরিস্থিতির সাথেও সাদৃশ্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস মনে করেন, মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই রায়ে ইসরায়েলের জন্য অনেক বার্তা রয়েছে। তাঁর মতে, ঘটনার ভিন্নতা থাকলেও রায়ে মিয়ানমারের জায়গায় ইসরায়েল বসালে খুব বেশি কিছু বদলাতে হবে না। গাম্বিয়ার আইনি দলের সদস্য ও মানবাধিকারবিষয়ক আইনজীবী ফিলিপ স্যান্ডস জানান, এই রায়ের মাধ্যমে গণহত্যা সনদের বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড রায়টিকে ন্যায়বিচারের একটি বিরল মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
আইসিজের এই রায় জার্মানির জন্যও গুরুত্বপূর্ণ, কারণ গাজায় গণহত্যায় সহায়তা এবং তা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে নিকারাগুয়া জার্মানির বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছে। রায়ের প্রভাব আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ব্যক্তিবিশেষের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার ক্ষেত্রে আইসিজের এই রায় মানদণ্ড হিসেবে ব্যবহৃত হতে পারে।
আদালত গণহত্যা প্রমাণের বিদ্যমান মানদণ্ড শিথিল করেননি। গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে বিচারকরা আগের মানদণ্ডই বহাল রেখেছেন, যেখানে অভিযুক্তের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হতে হবে গণহত্যার উদ্দেশ্য। এর আগে ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূত আইসিজেকে সতর্ক করেছিলেন যাতে গণহত্যার অভিযোগ প্রমাণের মানদণ্ড শিথিল না করা হয়, কারণ তাদের ভয় ছিল এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেনাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি নিষ্পত্তিতে আরও অন্তত তিন বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই মামলায় লিখিত বক্তব্য ও পাল্টা বক্তব্য জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. ইভা ভুকুসিচ মনে করেন, এই রায় আন্তর্জাতিক আইনের অনেক বিষয় ভবিষ্যতে আরও স্পষ্ট করতে সাহায্য করবে।























