জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
উপাচার্য তার বক্তব্যে বলেন, "বিএনপি ক্ষমতায় গেছে বলেই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।" নিজের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে তিনি বলেন, মানুষ বা নিজের পরিচয় লুকানোর কিছু নেই। তিনি উল্লেখ করেন যে, তিনি অতীতে আওয়ামী লীগের জুলুম সহ্য করেছেন এবং ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিও সকলে প্রত্যক্ষ করেছে।
উপাচার্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, "দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।"
বিগত ১৫-১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সেই সময়ে বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতা ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা, এমপির বাড়িতে অগ্নিসংযোগ, হাসপাতালে হামলা এবং কারাগারে হামলার চেষ্টার মতো নৈরাজ্য চলছে। ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি রোধে সুনাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সবশেষে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তিনি বলেন, যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।























