শেয়ারবাজারে অভিষেকের প্রথম দিনে দুর্দান্ত সাফল্যের পরদিন শুক্রবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান এনথ্রোপিকের শেয়ারের দামে বড় পতন ঘটেছে। প্রযুক্তি খাতের সার্বিক বিক্রির চাপে বৈশ্বিক পুঁজিবাজারজুড়ে যে মন্দাভাব তৈরি হয়েছে, তারই প্রভাবে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের মাত্রা ও গতি নিয়ে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই এনভিডিয়া ও স্পেসএক্সের মতো বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু সমস্যা বিনিয়োগকারীদের নতুন করে চিন্তায় ফেলেছে।
শুক্রবার মার্কিন পুঁজিবাজারের প্রধান সবকটি সূচকেই বড় ধরনের পতন ঘটে, যা পুরো সপ্তাহজুড়ে চলা ধারাবাহিক মন্দাকে আরও তরান্বিত করেছে। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক দুটি 'কারেকশন টেরিটরি'তে প্রবেশ করেছে—যা সাম্প্রতিক উচ্চতম সূচকের তুলনায় অন্তত ১০ শতাংশ বা তার চেয়ে বেশি পতনের পরিস্থিতি নির্দেশ করে। কার্যদিবস শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩.৭ শতাংশ এবং ডাও জোন্স ১.৯ শতাংশ কমেছে। অন্যদিকে প্রযুক্তি-প্রধান নাসডাক কম্পোজিট সূচকের পতন ঘটেছে ৫.৩ শতাংশ। তবে সূচকগুলোর এই পতন সত্ত্বেও তিনটি প্রধান সূচকই এক বছর আগের অবস্থানের তুলনায় এখনও উর্ধ্বে রয়েছে।
গত এক বছরে গুটিকয়েক বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এককভাবে ১ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ এআই খাতে বিনিয়োগ করায় আর্থিক বুদ্বুদ বা 'ফাইন্যান্সিয়াল বাবল' তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এই বিপুল বিনিয়োগ থেকে কখন এবং কতটা মুনাফা আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর বাইরে গত নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয় এআই খাতের অগ্রগতি ও উন্নয়নে কড়াকড়ি বা ঘাটতি তৈরি হতে পারে এমন আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার নাসডাকে এনথ্রোপিকের ঐতিহাসিক সূচনার প্রথম দিন শেয়ারের লেনদেন ১১২.৫০ ডলারে শুরু হয় এবং দিনশেষে ১৭ শতাংশ বেড়ে ৯৭.১৭ ডলারে দাঁড়ায়। কিন্তু শুক্রবার লেনদেনের একপর্যায়ে এনথ্রোপিকের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ৮৫ ডলারে নেমে আসে, যা তাদের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও মূল্য ৮৩ ডলারের খুবই কাছাকাছি। দিনশেষে প্রতিষ্ঠানটি ৮.৫ শতাংশ পতন নিয়ে লেনদেন শেষ করে, যার ফলে আগের দিনের অর্জিত মুনাফার অর্ধেকই হাতছাড়া হয়। ফ্রন্টিয়ার এআই খাতের প্রথম পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় বিশ্লেষকরা এনথ্রোপিকের লেনদেনের প্রথম কয়েক দিন বা সপ্তাহে এমন ওঠানামাকে স্বাভাবিক বলে মনে করছেন। এর আগে জুনে ইতিহাসের সবচেয়ে বড় আইপিও নিয়ে আসা ইলন মাস্কের স্পেসএক্সের শেয়ারেও লেনদেনের শুরুর কয়েক সপ্তাহে বড় ধরনের দোলচল দেখা গিয়েছিল।
মার্কেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান অ্যালফাসেন্সের কৌশলবিদ এড মোয়া জানান, এনথ্রোপিকের রেকর্ড গড়া আইপিও এআই বাজারে সার্বিক আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি। এআই প্রযুক্তির চাহিদা অত্যন্ত শক্তিশালী হলেও বিনিয়োগকারীরা এখন এই প্রবৃদ্ধির জন্য কতটা মূল্য দিতে প্রস্তুত তা হিসাব করছেন। ওয়ালস্ট্রিট এখন যেকোনো মূল্যে প্রবৃদ্ধির বদলে শক্তিশালী নগদ প্রবাহ এবং মুনাফায় ফেরার স্পষ্ট পথের দিকে জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
একই দিনে মার্কিন প্রযুক্তি খাতের আরও বেশ কিছু হেভিওয়েট প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনভিডিয়ার হিসাবরক্ষণ পদ্ধতি নিয়ে তদন্ত করছে—রয়টার্সের এমন একটি প্রতিবেদনের পর দিনশেষে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩.৭ শতাংশ পড়ে যায়। এর পাশাপাশি মেটার শেয়ার ৫ শতাংশের বেশি এবং অ্যামেজনের শেয়ার ৪ শতাংশের বেশি কমেছে, যেখানে অ্যাপল ও অ্যালফাবেটের শেয়ারেও কিছুটা পতন রেকর্ড করা হয়।
প্রযুক্তি শেয়ারের হার তুলনামূলক কম হলেও ইউরোপের প্রধান প্রধান শেয়ারবাজারগুলোতেও মন্দার ধাক্কা লেগেছে। জার্মানির ডাক্স (Dax) সূচক ২.৬ শতাংশ, ফ্রান্সের ক্যাক ৪০ (CAC 40) সূচক ১.৯ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ (FTSE 100) সূচক ১ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগে দিনের শুরুতে এশিয়ার প্রযুক্তি-নির্ভর বাজারগুলোতেও বড় পতন দেখা যায়। দক্ষিণ কোরিয়ার কোসপি (Kospi) এবং জাপানের নিক্কেই ২২৫ (Nikkei 225) সূচক প্রায় ৫ শতাংশ করে কমেছে, যার প্রভাবে মেমোরি চিপ প্রস্তুতকারক এসকে হাইনিক্স, কিওক্সিয়া, টোকিও ইলেকট্রন এবং স্যামসাং ইলেকট্রনিক্সের মতো প্রতিষ্ঠানের বড় আর্থিক ক্ষতি হয়েছে। তাইওয়ানের শেয়ারবাজারের সূচক শুক্রবার প্রায় ৬ শতাংশ কমেছে, যা পুরো সপ্তাহের ব্যবধানে ১৭ শতাংশের বেশি পতন নির্দেশ করে। ১৯৯০ সালের পর তাইওয়ানের পুঁজিবাজারে এটিই এক সপ্তাহে সবচেয়ে বড় পতনের রেকর্ড।



























