মার্কিন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি অ্যামাজনের দুই পর্বের টেলিভিশন প্রামাণ্যচিত্র সিরিজ 'মেলানিয়া'-কে তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এই প্রামাণ্যচিত্রটি সিনেমা হল থেকে সিরিজে রূপান্তরিত হলেও এটিকে বিনোদনের বদলে একটি নিষ্প্রাণ ও বিরক্তিকর বিজ্ঞাপন হিসেবে বর্ণনা করেছেন পত্রিকাটির রিভিউয়ার।
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিংবা মেলানিয়াকে একটি আকর্ষণীয় চরিত্র বিবেচনা করে এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ ও বাজারজাত করতে ৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৫৭ মিলিয়ন পাউন্ড) ব্যয় করে অ্যামাজন। তবে পেক্ষাগৃহে সিনেমাটি সাংবাদিক এবং ক্লাইগসলিস্টের ৫০ ডলারের অফার পাওয়া কিছু দর্শক ছাড়া প্রায় কেউই দেখেননি। বর্তমানে এটি দুটি পর্বে ভাগ করে টেলিভিশন সিরিজ হিসেবে প্রকাশ করা হয়েছে, যার প্রতিটি পর্বই ৪০ মিনিটের কম সময়ের।
রিভিউতে বলা হয়, সিরিজের দুই পর্বের মূল বক্তব্য বেশ ফাঁপা। মেলানিয়াকে এতে এআই-নির্মিত জীবনবৃত্তান্তের মতো চটকদার কিন্তু অর্থহীন উক্তি বলতে শোনা যায়, যেমন—"পরিবর্তনের মাধ্যমেই অর্থপূর্ণ পদক্ষেপ চালিত হয়।" গৃহনির্মিত গ্ল্যামার ফুটিয়ে তুলতে এতে কৃত্রিম ৮ মিলিমিটারের কাঁপানো ফুটেজ ব্যবহার করা হয়েছে, যা 'উইথ লাভ, মেগান'-এর মতো ফ্যাশনেবল আমেজ তৈরির চেষ্টা হলেও দুঃখজনকভাবে সেখানে হাজার হাজার প্রয়াত মার্কিন সেনার সমাধিস্থল আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথম পর্বে একটি ব্রোচের নিখুঁত অবস্থান নির্ধারণ নিয়ে মেলানিয়ার দীর্ঘ দ্বিধাদ্বন্দ্বের একটি অদ্ভুত দৃশ্য তুলে ধরা হয়েছে। রিভিউয়ারের মতে, দৃশ্যটি ১.৫ এক্স গতিতে চালিয়েও তা শেষ হতে দীর্ঘ সময় নেয়। দ্বিতীয় পর্বে মেলানিয়াকে হেলেন ঘূর্ণিঝড় ও দাবানলে ক্ষতিগ্রস্ত উত্তর ক্যারোলিনা ও ক্যালিফোর্নিয়ার মানুষের সঙ্গে দেখা করতে দেখা যায়। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের গল্প কিছুটা মানবিক আমেজ তৈরি করলেও তা দ্রুতই মেলানিয়ার ফস্টার চিলড্রেন কার্যক্রম, ব্লকচেইন প্রযুক্তি এবং নিজের ওয়েবসাইটের প্রচারণায় রূপ নেয়। এমনকি এক সহকারী পরিচালক দাবানলে ধ্বংস হওয়া ভাইয়ের ঘরের ছবি দেখিয়ে যখন জানান যে তাঁর ভাই কেবল গিটার ও 'মাগা' (MAGA) ক্যাপ বাঁচাতে পেরেছেন, সেই আলোচনাও মেলানিয়া নিজের দিকে ঘুরিয়ে নেন।
সাক্ষাৎকারের সময় মেলানিয়ার কাছে তিনি কীভাবে মানসিক ক্লান্তি দূর করেন এবং নিভৃতে প্রার্থনা করেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ঈশ্বর মানুষের ভেতরেই আছেন। দীর্ঘ হাঁটাহাঁটির বদলে তিনি স্পা-তে সময় কাটান জানিয়ে বলেন, "অন্যের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নেওয়া প্রথম অগ্রাধিকার।" দ্য গার্ডিয়ানের সমালোচকের মতে, এই সিরিজটি দর্শককে কেবল বিরক্ত ও বিষাদগ্রস্ত করবে এবং একে পাতলা বা অসার কিছু বলাও অন্য জিনিসের অপমান হবে।






























