সহিংসতা, অতিরিক্ত বন্দী এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দীর্ঘকাল ধরে সমালোচনার মুখে থাকা নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্সটি ২০৩২ সালের মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে এই কারাগারটি বন্ধের একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে।
এর আগে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিও কারাগারটি বন্ধের জন্য ২০২৭ সালের আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন। তবে নতুন পরিকল্পনায় সেই সময়সীমা পাঁচ বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করা হয়েছে। যদিও নির্ধারিত সময়সীমার এক বছরেরও কম সময় বাকি থাকলেও রাইকার্সের বিকল্প হিসেবে নিউইয়র্কের চার বরোতে নির্মাণাধীন চারটি ছোট কারাগারের কাজ এখনো সম্পন্ন হয়নি। মূলত সাজাপ্রাপ্ত বন্দীদের চেয়ে বিচারাধীন ব্যক্তিদের রাখার জন্যই এই কারাগারটি পরিচিত।
মেয়র মামদানি এক বিবৃতিতে জানিয়েছেন, কয়েক দশক ধরে নিউইয়র্কের বাসিন্দারা একটি নিরাপদ ও মানবিক সংশোধনব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। তার মতে, রাইকার্স আইল্যান্ড বন্ধ করা প্রশাসনের আইনি ও নৈতিক দায়িত্ব। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাইকার্সে বন্দীর সংখ্যা ৬ হাজার ৭০০ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪ হাজার ১০০-তে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে আটকের বিকল্প ব্যবস্থা বৃদ্ধি, অনলাইনে জামিনের অর্থ পরিশোধের সুযোগ, অপরাধ প্রবণতা কমানোর কর্মসূচিতে বিনিয়োগ এবং আদালতের মামলার দীর্ঘসূত্রতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার সংবাদ সম্মেলনে মামদানি জানান, আইনি অনিশ্চয়তার কারণে অনেক বন্দী বছরের পর বছর আটকে থাকেন। এই সমস্যার সমাধানে এবং বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান কার্যকর করতে নগর প্রশাসন একটি টাস্কফোর্স গঠন করবে। নতুন সময়সূচি অনুযায়ী, রাইকার্সের বিকল্প হিসেবে প্রথম কারাগারটি ২০২৯ সালে ব্রুকলিনে চালু হবে এবং বাকিগুলোর নির্মাণকাজ ২০৩২ সালের মধ্যে শেষ হবে। এছাড়া গুরুতর অসুস্থ বা মানসিক সমস্যার শিকার বন্দীদের জন্য হাসপাতালে শয্যার ব্যবস্থা রাখা হবে।
মামদানির মতে, রাইকার্স আইল্যান্ডে আটক ব্যক্তিরা তাদের পরিবার থেকে অত্যন্ত বিচ্ছিন্ন থাকেন, কারণ সেখানে প্রিয়জনদের সাথে দেখা করতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হয়। নতুন কারাগারগুলো আদালত ও গণপরিবহন ব্যবস্থার কাছাকাছি নির্মাণ করা হবে, যাতে বন্দীদের আদালতে যাতায়াত সহজ হয় এবং সমাজে ফিরে আসার প্রক্রিয়ায় তাদের সহায়তা করা সম্ভব হয়।























