লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে নোঙ্গর করে রাখা একটি রুশ যুদ্ধজাহাজে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার ভোরে রাশিয়ায় ফেরার পথে প্রয়োজনীয় জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য অবস্থানের সময় জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামলার পর জাহাজটিতে প্রচণ্ড আগুন ধরে যায় এবং পরবর্তীতে এটি আংশিক ডুবে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও বিবিসি ভেরিফাই কর্তৃক সত্যতা নিশ্চিত করা ভিডিও চিত্রে দেখা যায়, আক্রান্ত জাহাজটি থেকে বিশাল শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ভ্যান্টরের সংগ্রহ করা উচ্চ-সংক্ষমতার উপগ্রহ চিত্রে দেখা যায়, শনিবার বন্দরে নোঙ্গর করা 'প্রজেক্ট ২০৩৮০ স্তেরেগুশ্চি-ক্লাস করভেট (মেরকুরি)' নামের রাশিয়ার নৌবাহিনীর এই যুদ্ধজাহাজটি রোববার অর্ধেকের বেশি উল্টে গিয়ে ডুবে গেছে। বর্তমানে শুধু জাহাজটির সামনের ধনুকাকৃতির অংশটি (বো) পানির ওপর দেখা যাচ্ছে। এছাড়া প্ল্যানেট ল্যাবস পিবিসির সংগৃহীত জিএমটি ০৫:৪৭ মিনিটের উপগ্রহ চিত্রেও বেনগাজি বন্দরে জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের দাবি অনুযায়ী, রাশিয়ার এই যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে এ বিষয়ে রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে একই দিন লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেনগাজি উপকূলের কাছে আরও একটি বাণিজ্যিক জাহাজ আক্রমণের শিকার হয়েছে। সেখান থেকে সামান্য আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
পূর্বাঞ্চলীয় 'গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি' (জিএনএস) জানিয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি দুই দেশের মধ্যকার বিদ্যমান সামুদ্রিক চুক্তির আওতায় বেনগাজি বন্দর ব্যবহার করছিল। হামলার উৎস এবং এর পেছনে কারা জড়িত তা নির্ধারণ করতে রুশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তদন্ত শুরু হয়েছে। লিবীয় বন্দরের অভ্যন্তরে জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে জিএনএস একে সামুদ্রিক নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে অভিহিত করেছে। তারা আরও স্পষ্ট করে যে, লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা বহিরাগত কোনো সংঘাতের পক্ষ নয়।
অন্যদিকে, রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি' (জিএনইউ) বিদেশি শক্তিকে লিবীয় সুবিধা ব্যবহার করতে দেওয়া এবং তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকেই লিবিয়া রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মুখে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দেশটির বেনগাজি বন্দরটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে দুই হাজার কিলোমিটারের (১,২৪৩ মাইল) বেশি দূরে অবস্থিত।
হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) লিবিয়া বিশেষজ্ঞ জালেল হারশাওই বিবিসিকে জানান, এ ধরনের দুঃসাহসিক অভিযান চালানোর ক্ষমতা কেবল ইউক্রেনেরই রয়েছে। তিনি বলেন, এ জাতীয় হামলা রাশিয়ার তথাকথিত 'ছায়া ট্যাঙ্কার বহর'-এর তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত করার পাশাপাশি ক্রেমলিনের জন্য বড় ধরনের রাজনৈতিক অস্বস্তি তৈরি করে। তিনি মনে করেন, লিবিয়ার প্রভাবশালী সামরিক নেতা হাফতারের পরিবার এটিকে ব্যক্তিগত অপমান হিসেবে দেখবে এবং ইউক্রেনীয়দের সহায়তার বিষয়ে অনুসন্ধান চালাবে।
এর আগেও এই অঞ্চলে রুশ সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। গত মার্চ মাসে রাশিয়া অভিযোগ করেছিল, লিবিয়া ও মল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে তাদের তেল ট্যাঙ্কার 'আর্কটিক মেটাগ্যাজ'-এ লিবীয় উপকূল থেকে চালিত চালকবিহীন সামুদ্রিক ড্রোনের মাধ্যমে আক্রমণ করেছিল ইউক্রেনীয় বাহিনী।






























