উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বজায় রাখার ক্ষেত্রে নিজেদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান ব্যাপকভাবে পরিবর্তন করেছে রাশিয়া। মস্কোর সাম্প্রতিক সরকারি বয়ানে নিরস্ত্রীকরণকে একটি ‘অপ্রাসঙ্গিক শব্দ’ হিসেবে অভিহিত করা হচ্ছে এবং নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর বলে দাবি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনার অংশ হিসেবেই মস্কো উত্তর কোরিয়া সংক্রান্ত এসব বিষয় উপস্থাপন করছে।
উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার এই সংশয় নতুন নয়। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা ছয়পক্ষীয় আলোচনার (সিক্স-পার্টি টকস) সময় মস্কো যুক্তি দিয়েছিল যে, নিষেধাজ্ঞার উদ্দেশ্য হওয়া উচিত পিয়ংইয়ংকে সংলাপে রাখা, শাস্তি দেওয়া নয়। ২০০৯ সালের এপ্রিলে উত্তর কোরিয়া এই ছয়পক্ষীয় আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার পর তৎকালীন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সি বোরোদাবকিন বলেছিলেন, নিষেধাজ্ঞা জোরদার করার চেয়ে কিভাবে বহুপক্ষীয় আলোচনা ফের শুরু করা যায়, অংশগ্রহণকারীদের সে বিষয়ে মনোযোগী হওয়া উচিত। পরবর্তীতে ২০১০ সালের মে মাসে উত্তর কোরিয়ার দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার পর জাতিসংঘ নিষেধাজ্ঞা কড়াকড়ি করলে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধিরা জোর দিয়ে বলেছিলেন যে, এসব পদক্ষেপ যেন মানবিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব না ফেলে এবং পিয়ংইয়ং প্রস্তাব মেনে চললে নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য হওয়া উচিত।
২০১০-এর দশকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা তীব্র হওয়ার বিষয়টি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের অবনতি এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সূচনার সঙ্গে মিলে যায়। এই সময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের উদ্যোগে নেওয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং একতরফা নিষেধাজ্ঞাগুলোকে অতিরিক্ত ও মানবিক পরিস্থিতির জন্য ক্ষতিকর বলে আখ্যা দেওয়া শুরু করেন। ২০১৭ সালে রুশ কূটনীতিকরা যুক্তি দেন যে নিষেধাজ্ঞা তার নিরাপত্তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান অবনতি ঘটিয়েছে। তবে ক্ষতিকারক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও, উত্তর কোরিয়ার ওপর চীনের অসন্তোষের বিষয় বিবেচনা করে রাশিয়া সে সময় নিষেধাজ্ঞাগুলোর পক্ষে ভোট দিয়েছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্কের চরম অবনতি ঘটে এবং দেশটির ওপর নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর প্রমাণে মস্কো আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করে। ২০২৪ সালে জাতিসংঘের ১৭১৮ কমিটির প্যানেল অব এক্সপার্টসের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। এ সিদ্ধান্ত চীন সরকারের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছিল বলে মনে করা হয়। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি দেবেনজিয়া অভিযোগ করেন, এই প্যানেলের কাজ সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে সীমাবদ্ধ হয়ে পড়েছিল এবং ওয়াশিংটন-নেতৃত্বাধীন জোটের চাপের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল উত্তর কোরিয়ার বৈধ কর্মকাণ্ডগুলোকে। প্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা ‘মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিম’ (এমএসএমটি) গঠন করলেও রাশিয়া এটিকে জাতিসংঘ অনুমোদনহীন ও অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। ২০২৬ সালে নেবেনজিয়া দাবি করেন, এমএসএমটি-র প্রতিবেদনগুলো কেবলই মনগড়া তথ্য ও অপপ্রচার।
পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের কঠোর নিন্দা জানানো থেকে সরে এসে উত্তর কোরিয়ার পদক্ষেপকে আত্মরক্ষার জন্য পূর্ণ বৈধতা দেওয়ার নীতি গ্রহণ করেছে মস্কো। পূর্বে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়নকে রাশিয়া কখনো সরাসরি হুমকি মনে না করলেও পারমাণবিক পরীক্ষার স্পষ্ট বিরোধিতা করত। ২০০৬, ২০০৯, ২০১৩, ২০১৬ এবং ২০১৭ সালে উত্তর কোরিয়ার প্রতিটি পারমাণবিক পরীক্ষার পরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ লিপি জারি করে সতর্ক করেছিল যে, এসব পদক্ষেপ কোরীয় উপদ্বীপ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
তবে ২০২৪ সালের জুনে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং শীর্ষ বৈঠকে সমাঝোতার পর ‘সংঘবদ্ধ কৌশলগত অংশীদারত্ব’ চুক্তি স্বাক্ষরিত হলে নীতিতে দৃশ্যমান বদল আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জোর দিয়ে বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এখন রাশিয়ার কাছে একটি ‘বন্ধ হয়ে যাওয়া অধ্যায়’। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক জোট জোরদার হওয়ার মুখে নিরস্ত্রীকরণ তার অর্থ হারিয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে উত্তর কোরিয়া সফরকালে লাভরভ বলেন, রাশিয়া পিয়ংইয়ংয়ের পদক্ষেপকে শ্রদ্ধা করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি পরিচালনার কারণগুলো বুঝতে পারে। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া এবং ২০২৩ সালের ‘ওয়াশিংটন ডিক্লারেশন’-কে দায়ী করেন, যার অধীনে সিউল পারমাণবিক পরিকল্পনা ও তথ্য আদান-প্রদানে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।
একইভাবে ২০২৬ সালের নভেম্বরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা যুক্তি দেন, উত্তর কোরিয়া কর্তৃক নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে রাশিয়া সম্পূর্ণ বৈধ ও ন্যায্য বলে মনে করে, যা জাতিসংঘের সনদে বর্ণিত আত্মরক্ষার অধিকারের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ। যদিও পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির এই পরোক্ষ স্বীকৃতি পারমাণবিক অপ্রসার চুক্তি (এনপিটি) এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তথাপি মস্কো আন্তর্জাতিক আইনের নিজস্ব ব্যাখ্যা উপস্থাপন করে নিজেদের এই অবস্থান তুলে ধরছে। এই ধারাটি মূলত ২০১৭ সালে লাভরভের উপস্থাপিত যুক্তিরই ধারাবাহিকতা, যেখানে তিনি বলেছিলেন যে পশ্চিমারা আন্তর্জাতিক বিষয়ক আইনের শাসনকে নিজস্ব ‘নিয়ম-ভিত্তিক ব্যবস্থা’ দিয়ে প্রতিস্থাপন করতে চায়। আন্তর্জাতিক ব্যবস্থার মেরুকরণ বাড়তে থাকায় উত্তর কোরিয়ার মতো আরও ক্ষেত্র তৈরি হতে পারে, যেখানে বিদ্যমান আন্তর্জাতিক নিয়মগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে।


























