কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পদত্যাগের খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। ওই কার্ডে দাবি করা হয়েছিল যে, বিএনপিদলীয় এই সংসদ সদস্য কিশোরগঞ্জ-৪ আসন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নজরে আসার পর নিজের ফেসবুক পেজ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফজলুর রহমান এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।
ফেসবুক বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংসদ সদস্য পদ থেকে তার সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে যে ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটি স্রেফ জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র।
যেকোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে তা যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়ে বার্তায় আরও বলা হয়েছে, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ‘AMI TV’-এর পেজে নজর রাখতে। পাশাপাশি গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে সচেতন থেকে সত্য প্রচারের আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য।





























