রাজধানীর অভিজাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কেনাকাটায় নেমে এসেছে নজিরবিহীন মন্দা। বিপণিবিতানটিতে ক্রেতা বা দর্শনার্থীদের পদচারণা থাকলেও কেনাকাটার পরিমাণ অনেকটাই কমে গেছে। বিক্রেতারা জানিয়েছেন, মানুষ বাজারে এসে ঘুরে ফিরে দেখলেও আগের মতো কেনাকাটা করছেন না, যার ফলে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। রোববার এই বিপণিবিতান ঘুরে কাপড়, জুতা, ঘড়ি, জুয়েলারি, ইলেকট্রনিকস, মোবাইল ও ক্যামেরাসহ সব ধরনের দোকানেই এমন মন্দার চিত্র দেখা গেছে। এতে ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের বিক্রি অর্ধেকের নিচে নেমেছে, আবার অনেকের বেচাকেনা ঠেকেছে একেবারেই তলানিতে।
মার্কেটে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন কাপড় ও জুতার ব্যবসায়ীরা। প্রতি বছরের নভেম্বর মাস থেকে বিয়ের মৌসুম শুরু হলেও কাপড়ের বাজারে মন্দা কাটেনি। নারীদের বিয়ের পোশাক বিক্রি করা ‘তানজিনা ফ্যাশন’-এর কর্মী সম্রাট হোসেন জানান, গত বছর এই সময়ে প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ টাকার পোশাক বিক্রি হতো। তবে চলতি নভেম্বরের শেষ দিকে এসে সপ্তাহে সর্বোচ্চ ১ থেকে দেড় লাখ টাকার পোশাক বিক্রি হচ্ছে। দৈনিক দোকান খরচ ৯ হাজার ২০০ টাকা হওয়ায় অনেক সময় সেই খরচই উঠছে না, ফলে প্রতি মাসে বাইরে থেকে টাকা এনে বিনিয়োগ করতে হচ্ছে। অন্যদিকে ‘আলিফ-লাম’ নামের দোকানের মুকুল বিশ্বাস জানান, ব্যবসা বাঁচাতে গ্রামের এক বিঘা জমি বিক্রি করে দোকানে বিনিয়োগ করেছিলেন। আগে মাসে সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকা বিক্রি হলেও এখন কষ্টে ১ লাখ টাকা বিক্রি হচ্ছে, আর গত দুই মাসে তাও হয়নি। এই টাকা দিয়েই দোকান ভাড়া, কর্মচারীর বেতন, সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিল দিতে হয়। ১০ বছর ধরে বসুন্ধরা সিটিতে কাপড়ের ব্যবসা করা ‘সিটি শপ’-এর মালিক মো. কামাল হোসেন জানান, গত ৬ মাসের মতো কঠিন পরিস্থিতি তিনি আর দেখেননি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিনি ১ লাখ ৩০ হাজার টাকা লোকসানে রয়েছেন এবং ৬ দিন পর এক ক্রেতার দেখা পেয়েছেন। এমনকি তার চোখের সামনে পাশের একটি দোকানের মালিকানা তিনবার পরিবর্তন হয়েছে।
পরিচিত বা নামি ব্র্যান্ডের দোকানগুলো অতটা লোকসানে না পড়লেও তাদের বিক্রি ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কমেছে। ব্র্যান্ড শপ ‘লুবনান’-এর ম্যানেজার মনির হোসেন জানান, আগে দোকানে যাতায়াতের পথেও মানুষ কেনাকাটা করলেও এখন শুধু নিয়মিত কাস্টমাররা আসছেন। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতারা আসা বন্ধ করেছেন এবং পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারণে এই প্রভাব পড়েছে। অপরদিকে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জুতা ব্যবসায়ীরা। ‘স্যু গ্যালারি’র মালিক আতিকুর রহমান অপু জানান, দোকান চালু রাখতে ধারদেনা করে ৮ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। আগে বছরের এই সময়ে অন্তত ১৫ জোড়া কেডস বিক্রি হলেও গত বৃহস্পতিবার মাত্র দুই জোড়া বিক্রির পর আর কাস্টমার পাননি। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে ঈদের চেয়েও বেশি জুতা বিক্রি হতো, অথচ এখন কাস্টমারই পাওয়া যাচ্ছে না। চলতি মাসের দোকান ভাড়া ও কর্মচারীদের বেতনও তিনি পরিশোধ করতে পারেননি। একই অবস্থা দেখা গেছে 'রিসেন্ট', 'এম টি স্যু’জ' ও 'সুইস মিস' নামের অন্য জুতার দোকানগুলোতেও।
শখের পণ্য ঘড়ির ব্যবসাতেও বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ। ‘টাইম জোন’-এর ম্যানেজার সাইদুর রহমান বলেন, নানা অস্থিরতার কারণে বাইরের সাধারণ কাস্টমাররা কমে যাওয়ায় বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। ‘সুইস টাইম’-এর কর্মী হৃদয় ও রাহুল জানান, এ মাসে হাতেগোনা কয়েকটি ঘড়ি বিক্রি হয়েছে। এছাড়া ‘টাইম ভিউ’-এর বাধন জানান, তাদের বিক্রি প্রায় ২০ শতাংশ কমেছে এবং আগামী দিনের পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত। অন্যদিকে শীতের মৌসুমে ওভেন ও ওয়াশিং মেশিনের চাহিদা বাড়লেও ইলেকট্রনিক পণ্যের দোকানগুলো খালি পড়ে রয়েছে। ‘স্যামসাং’ শোরুমের ম্যানেজার জানান, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তাদের বিক্রি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমেছে, যা তারা ভাবতেও পারেননি।
বসুন্ধরার মোবাইল ও ক্যামেরা মার্কেট থেকেও মন্দার খবর পাওয়া গেছে। ‘রাফসান টেলিকম’-এর রাহিদ হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ২৫ হাজার টাকার ফোন এখন ৩২ হাজার টাকায় বিক্রি হচ্ছে, ফলে মানুষ এসে দাম দেখে চলে যায়। সারাদিন বসে থাকার পর কেবল শুক্রবারে ৩-৪টি ফোন বিক্রি হয়। ‘ইয়াসরা মোবাইল বিডি’-এর মালিক আহমেদ অপু জানান, গত ৩ মাস ধরে কোভিডের লকডাউনের চেয়েও খারাপ অবস্থা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে চিপ ও র্যাম-রোমের দাম বাড়ায় ফোনের দাম বেড়েছে। ব্যবহৃত ও নতুন ফোন বিক্রেতা ‘ট্রাস্ট পয়েন্ট’-এর রাহাদ জানান, নতুন ফোনের দাম বেশি থাকায় পুরনো ফোনের চাহিদা কিছুটা বেশি থাকলেও চলতি মাস খুবই খারাপ যাচ্ছে। এছাড়া সেকেন্ড হ্যান্ড ও এক্সচেঞ্জ ক্যামেরা বিক্রেতা ‘ফটো জোন’-এর নাসির উদ্দিন জানান, কাস্টমার না থাকায় লাভ কমে গেছে এবং পরিস্থিতি শুধরানোর আশা ছাড়া তাদের কিছু করার নেই।


























