স্প্যানিশ রাইডার মার্ক মার্কেজ আরও একবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। পর্তুগালে অনুষ্ঠিত সর্বশেষ রেসে অষ্টম স্থান অর্জন করলেও, এই ফলাফল তাকে টানা দ্বিতীয় এবং প্রিমিয়ার ক্লাসে ক্যারিয়ারের অষ্টম মোটোজিপি বিশ্ব শিরোপা এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই জয়ের মাধ্যমে তিনি ইতালীয় কিংবদন্তি জিয়াকোমো আগোস্তিনির আটটি শিরোপার রেকর্ডের সমকক্ষ হলেন, যিনি ১৯৬৬ থেকে ১৯৭৫ সালের মধ্যে এই গৌরব অর্জন করেছিলেন।
একই সাথে মার্কেজ তার দীর্ঘদিনের ইতালীয় প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্টিনো রসির সাতটি মোটোজিপি শিরোপার রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ রাইডার রেস শেষে নিজের বাইক থেকে নেমে উল্লাসে ফেটে পড়েন। এসময় তার দল তাকে কাঁধে তুলে নেয় এবং তিনি দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে নিজের আবেগ প্রকাশ করেন। দর্শকদের উদ্দেশে মাইক্রোফোনে তিনি বলেন, গত বছরটি ছিল আমার জন্য, আর এই শিরোপাটি আপনাদের জন্য।
শনিবারের স্প্রিন্ট রেসে ক্র্যাশ করার কারণে কিছুটা চাপের মুখে থাকলেও, রোববার গ্রাঁ প্রিঁতে অত্যন্ত সতর্কতার সাথে রাইড করেন মার্কেজ। শিরোপা নিশ্চিত করতে তার কেবল শীর্ষ নয়জনের মধ্যে থাকা প্রয়োজন ছিল। সব ক্যাটাগরি মিলিয়ে এটি তার দশম বিশ্ব শিরোপা।
এবারের মৌসুমে মার্কেজ সাতটি গ্রাঁ প্রিঁ এবং দশটি স্প্রিন্ট রেস জিতেছেন। ২০২৪ সালে ডুকাটিতে যোগ দেওয়ার পর থেকে তার পারফরম্যান্সে এক অভাবনীয় উন্নতি দেখা গেছে, যা তাকে ক্যারিয়ারের নতুন প্রাণশক্তি দিয়েছে। এর আগে গত ২০২৫ মৌসুমে তিনি ১১টি গ্রাঁ প্রিঁ জয় করেছিলেন। ২০১৩ সালে নিজের অভিষেক মৌসুমেই সর্বকনিষ্ঠ মোটোজিপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন মার্কেজ এবং এরপর পরবর্তী ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছিলেন তিনি।
এদিকে পর্তুগালের এই রেসে জয়লাভ করেছেন এপ্রিলিয়ার রাইডার বেজেচি, যিনি স্প্রিন্ট রেস জয়ের মাধ্যমে ডাবল পূর্ণ করেছেন। তার সতীর্থ স্পেনের জর্জ মার্টিন এই রেসে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।



























