রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
মো. আজিজুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ৪৭

























