হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচারের মুখোমুখি হতে যাচ্ছেন ইতালি জাতীয় দল ও আটালান্টার গোলকিপার মার্কো কার্নেসেকি। ক্লাব সূত্রে জানানো হয়েছে, তাঁর বাঁ হাঁটুতে মেডিয়াল মেনিসকাসের টিয়ার বা চোটের চিকিৎসার জন্য মঙ্গলবার এই অস্ত্রোপচার করা হবে।
ইন্টার মিলানের বিপক্ষে ৪-৪ গোলে ড্র হওয়া রোববারের ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় চোট পান ২৬ বছর বয়সী এই ইতালিয়ান গোলকিপার। ম্যাচটিতে আটালান্টার শুরুর একাদশে তাঁর খেলার কথা ছিল। তবে চোট পেয়ে শেষ মুহূর্তে তিনি মাঠ ছাড়লে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে একাদশে নামেন মার্কো স্পোর্টিয়েলো। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর বাঁ হাঁটুর মেডিয়াল মেনিসকাসে টিয়ার ধরা পড়ে।
সোমবারে দেওয়া এক বিবৃতিতে আটালান্টা জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছেঁড়া মেনিসকাস সার্জিক্যাল ডিব্রাইডমেন্টের মাধ্যমে নিরাময় করতে মঙ্গলবার অস্ত্রোপচার সম্পন্ন হবে। তবে অস্ত্রোপচার শেষে কার্নেসেকিকে কত দিন মাঠের বাইরে কাটাতে হবে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
গত কয়েক বছর ধরে ইতালির জাতীয় স্কোয়াডে নিয়মিত ডাক পেয়ে এলেও ‘আজুরি’দের হয়ে এখনো বয়সভিত্তিক দলের পর সিনিয়র দলে অভিষেক হয়নি কার্নেসেকির। আগামী মার্চ মাসে রয়েছে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। ইতালির প্রথম পছন্দের গোলকিপার জিজো দোনারুম্মা এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় কার্নেসেকি যদি সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, তবে জাতীয় দলের একাদশে অভিষেকের সুযোগ পাওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে তাঁর।





























