খুলনা নগরীতে চাঁদা না পেয়ে শুক্রবার সকালে ও সন্ধ্যায় তিনটি পৃথক ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসব হামলায় একটি ফার্মেসির মালিকের ছেলে জারিকুজ্জামান (৩৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এবং ৪৭ নম্বর ওয়ার্ডের টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাজার এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি তুষকাঠ মিল ও পাশের একটি চানাচুর কারখানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী গত কয়েক দিন ধরে তুষকাঠ মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সকালে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে ওই সময় ভেতরে থাকা শ্রমিকরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি। একই সময়ে চানাচুর কারখানার মালিক শামসুর রহমানের কাছেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসা চক্রটি কারখানা লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ জানান, গুলির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ভয়ে মুখ খুলছেন না। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে একই দিন সন্ধ্যায় ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার সময় ফার্মেসির মালিকের ছেলে জারিকুজ্জামান দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তা তাঁর পায়ে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পায়ে গুলিবিদ্ধ জারিকুজ্জামানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, এর আগে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। নির্ধারিত টাকা না দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হলে চরম নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি টানা ১৭ দিন বন্ধ রাখে মালিকপক্ষ। পরবর্তীতে পুলিশ প্রহরায় ফার্মেসিটি চালু করা হলেও খোলার ১৩ দিনের মাথায় পুনরায় গুলির ঘটনা ঘটল। এ হামলার পর ফার্মেসিটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।






















