রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই প্রতিষ্ঠানের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরা অবস্থায় দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা এক রাউন্ড গুলি ছোড়ে, যা অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা অফিসে ঢুকে গুলি চালিয়েছে। তবে কী কারণে বা কেন এই হামলার ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য যে, এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়েও একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। সেদিন ওই কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করেছিল দুর্বৃত্তরা।





























