রাজধানীর পল্লবীতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার (৩০) নামের এক ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। শনিবার রাত ৮টার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রিয় নামের এক তরুণ জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া হয়। এই ঘটনার জের ধরে শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গেও বিরোধ বাধে। একপর্যায়ে ওই ভাড়াটিয়া নারী ও তার ছেলে আরিফসহ কয়েকজন মিলে আনোয়ারকে মারধর করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

























