আজ পবিত্র শবে বরাত—ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যবহ। হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পালিত হয় শবে বরাত, যা ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ নামেও পরিচিত।
এই বরকতময় রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, রিজিক নির্ধারণ করেন এবং আগামী এক বছরের তাকদির লিপিবদ্ধ করা হয়। এ রাতকে কেন্দ্র করে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশেষ ইবাদতে মশগুল থাকেন।
শবে বরাত উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাত কাটান। পাশাপাশি আত্মশুদ্ধি ও গুনাহ থেকে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনেকেই প্রয়াত আত্মীয়-স্বজনের জন্য দোয়া করেন এবং কবর জিয়ারত করেন।
এই পবিত্র রাতে মুসলিম উম্মাহ শান্তি, কল্যাণ ও ক্ষমা লাভের আশায় মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন। শবে বরাত আমাদের আত্মসমালোচনা, সংশোধন এবং আল্লাহর পথে ফিরে আসার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত।
শবে বরাত উপলক্ষে দেশ ও বিশ্বের মুসলিম সমাজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতটি পালিত হচ্ছে।

























