মঙ্গলবার হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জানা গেছে, এক শিশু হোয়াইট হাউসের উত্তর পাশের বেড়া দিয়ে ভেতরে ঢুকে পড়ে, যা দ্রুত সিক্রেট সার্ভিসের নজরে আসে এবং নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
সিক্রেট সার্ভিসের যোগাযোগ প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি জানান, হোয়াইট হাউসের উত্তর পাশের বেড়ার কাছে এক কৌতূহলী শিশু চলে আসে এবং অল্প সময়ের জন্য হোয়াইট হাউসের ভেতরে ঢুকে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হওয়ায় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন এবং শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এর আগেও হোয়াইট হাউসের বেড়া দিয়ে শিশু ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইরাক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই এক শিশু একইভাবে বেড়া দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। ওই ঘটনায় হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয় এবং প্রেসিডেন্টের ব্রিফিং বিলম্বিত হয়েছিল। সে সময় সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডউইন ডোনোভান রসিকতা করে বলেছিলেন, শিশুটি কথা বলা শেখার আগ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়, তাই তাকে একটি ‘টাইম-আউট’ দিয়ে বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো হয়েছিল।
































