পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তেহরানের ভাষ্যমতে, এই হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাইলটকে বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপসাগরের আকাশসীমায় এই ঘটনা ঘটে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে সেটি আঘাতপ্রাপ্ত হয়। শনিবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাইলট তার নির্ধারিত অভিযান বাতিল করতে বাধ্য হন এবং নিকটস্থ একটি বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করেন।
তবে ইরানের এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান বর্তমানে নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত।


























