মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক লজিস্টিক উপস্থিতি আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে আগামী দিনগুলোতে ইসরাইলে অন্তত ১০টি অতিরিক্ত আকাশপথে জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর একটি প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নতুন করে পাঠানো এসব মার্কিন সামরিক বিমানের বড় একটি অংশ রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর ‘বেন গুরিয়ন’-এ পার্ক করে রাখা হবে। বর্তমানে ওই বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রিফুয়েলিং বিমান অবস্থান করছে। নতুন ১০টি বিমান যুক্ত হলে সেখানে মার্কিন জ্বালানিবাহী ট্র্যাকার বিমানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
সামরিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা এবং যুদ্ধবিমানগুলোতে মাঝআকাশে জ্বালানি ভরে তাদের কার্যক্ষমতা বাড়াতেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে।





























