দেশের বর্তমান অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট ও জনদুর্ভোগ থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে সারা দেশে ছাত্রদল ও যুবদলকে দিয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার রাতে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকারের পাঁচ মাসের শাসনামলে সৃষ্ট জনদুর্ভোগ আড়াল করতেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রদলের এই তথাকথিত সক্ষমতা যাচাইয়ের অপচেষ্টা শেষ পর্যন্ত তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন ছাত্রশিবির সভাপতি। তিনি বলেন, এই প্রকল্পের কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে চাঁদাবাজি করা সম্ভব হবে না, কিন্তু উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করলে চাঁদা ও কমিশনের টাকা ভাগ-বাঁটোয়ারা করা সহজ হয়। এই কারণেই ছাত্রদল সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের বিরোধিতা করছে এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে।
নূরুল ইসলাম জানান, এসব হামলায় জকসু নেতাদের পাশাপাশি শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্রশিবির ও ছাত্রশক্তির অন্তত ২০ জন আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতাদের নেতৃত্বে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলা চালিয়ে সাধারণ রোগীদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। এছাড়া ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতিকালে এবং ঢাকা আলিয়া মাদ্রাসার হলে বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে বলে তিনি জানান।
শাহবাগে থানার ভেতর ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হচ্ছে। সরকারের উচ্চ মহল থেকে উসকানি এবং প্রশাসনের রহস্যজনক নীরবতা অপরাধীদের বেপরোয়া করে তুলছে বলে তিনি মন্তব্য করেন। ক্ষমতার মসনদ পিচ্ছিল উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করলে তা সরকারের জন্যই ক্ষতির কারণ হবে এবং প্রধানমন্ত্রীর পতনের জন্য ছাত্রদল-যুবদলই যথেষ্ট হবে।
হামলার প্রতিবাদে বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র-গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রশিবির সভাপতি বলেন, অতীতে মামলা করে কোনো প্রতিকার না পাওয়ায় তাঁরা মামলা করেননি, তবে প্রশাসনকে তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত আটটার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক এস এম ফরহাদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





























