পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথ। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এই দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ৪৬ বছর বয়সী স্মিথ দলের লাল বল এবং সাদা বলের উভয় ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই বিশেষজ্ঞ কোচ নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারুবা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়।
আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন স্মিথ। এখন পর্যন্ত টেস্ট দলের জন্য বোলিং কোচ হিসেবে উমর গুল থাকলেও, কোনো ফরম্যাটেই পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিল না। এতদিন জাতীয় নির্বাচক আসাদ শফিক মাঝে মাঝে এই দায়িত্ব পালন করতেন, তবে এখন স্মিথ স্থায়ীভাবে সেই দায়িত্ব বুঝে নেবেন।
আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার অভিজ্ঞতা না থাকলেও, কোচিং ক্যারিয়ারে স্মিথ বেশ সমৃদ্ধ। লেভেল ৪ যোগ্যতাসম্পন্ন এই কোচ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং মুলতান সুলতানের সঙ্গে কাজ করায় পাকিস্তান ক্রিকেটের পরিবেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনস এবং ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড এবং ইস্টার্ন প্রভিন্সের সঙ্গেও তিনি কনসালটেন্সি করেছেন।
খেলোয়াড় হিসেবে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্মিথ ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট এ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ডানহাতি এই ব্যাটার সব ফরম্যাট মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরিসহ ৭,০২৯ রান করেছেন। পাকিস্তানের ব্যাটিং ইউনিটের ধারাবাহিকতা ফেরানোই হবে তার প্রধান চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজটি পাকিস্তানের জন্য তাদের ব্যাটিং সমস্যা সমাধানের এবং দীর্ঘ ফরম্যাটে নিজেদের অবস্থান পরিবর্তনের একটি বড় সুযোগ। উল্লেখ্য, ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়ার সফরের পর থেকে পাকিস্তান তাদের শেষ আটটি অ্যাওয়ে টেস্টেই পরাজিত হয়েছে।






















