ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘থিয়েটার কূটনীতি’ বা নাটকীয় কূটনীতি চালানোর অভিযোগ তুলেছেন। ট্রাম্প বারবার ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েও তা শেষ মুহূর্তে বাতিল করার যে ধারা বজায় রেখেছেন, তাকেই মূলত গালিবাফ এই ভাষায় সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ওয়াশিংটন সামরিক হুমকি এবং আলোচনার প্রস্তাবের মধ্যে বারবার অবস্থান পরিবর্তন করছে, যা মূলত ব্যর্থ চাপ প্রয়োগের কৌশল ছাড়া আর কিছুই নয়। তিনি ট্রাম্পের এই আচরণকে ‘থিয়েটার কূটনীতি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘বড় ধরনের হামলার হুমকি দেওয়া, আবার পরক্ষণেই তা ভুলে গিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া—এটিই তাদের কূটনীতি। ভয় দেখানো, মিথ্যা প্রতিশ্রুতি এবং ভুয়া খবর ছড়ানো একটি ব্যর্থ কৌশল।’
এর আগে শনিবার ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেন। তিনি দাবি করেন, তেহরানসহ আঞ্চলিক দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি কূটনৈতিক সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকিও শেষ হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌচলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হয়। বর্তমানে ইরান ওমানের সাথে আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খোলার চেষ্টা করছে। তেহরানের দাবি, উভয় দেশ রুটগুলোর স্থানাঙ্ক নিয়ে একমত হওয়ায় চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন ইরানের সাথে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হবে এবং এর ফলে পেট্রোলের দামও কমে আসবে।
ট্রাম্প আরও দাবি করেন যে, তিনি নিজে তেহরানের সাথে আলোচনার প্রক্রিয়ায় যুক্ত আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় না তারা আর বেশিদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে।’
উল্লেখ্য যে, ট্রাম্প গত কয়েক মাস ধরেই দাবি করে আসছেন যে ইরান পরাজিত হয়েছে এবং সংঘাত সমাপ্তির পথে। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
গালিবাফ তার পোস্টে মার্কিন প্রশাসনকে বাস্তবতাকে মেনে নেওয়ার এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন। তার মতে, ওয়াশিংটনের বর্তমান নীতি কোনো কার্যকর ফলাফল বয়ে আনছে না বরং এটি কেবল একটি ব্যর্থ কূটনৈতিক নাটকের পুনরাবৃত্তি মাত্র।
সূত্র: আল জাজিরা































