ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। এই বিশাল অঙ্কের অর্থ শিশু–কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, প্ল্যাটফর্মগুলোতে শিশু ও কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পরিবর্তনের নির্দেশনাও দিয়েছেন আদালত।
সান্তা ফের ফার্স্ট জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ব্রায়ান বিডশাইড বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। ডেমোক্র্যাট দলীয় অ্যাটর্নি জেনারেল রাউল তোরেসের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারক এই রায় দেন। রায়ে উল্লেখ করা হয়েছে, মেটার কার্যক্রম নিউ মেক্সিকোতে জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে এবং প্রতিষ্ঠানটি শিশু–কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য দায়ী।
অ্যাটর্নি জেনারেল রাউল তোরেসের অভিযোগ ছিল, মেটা ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামকে এমনভাবে তৈরি করেছে যাতে শিশু–কিশোরেরা এসব প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়ে। এছাড়া যৌন হয়রানি থেকে শিশুদের সুরক্ষা দিতেও প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। এর আগে চলতি বছরের মার্চে এই মামলার প্রথম ধাপে জুরি বোর্ড মেটাকে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
বিচারক তাঁর রায়ে আগামী পাঁচ বছর মেটাকে শিশু–কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে মাসিক সময়সীমা নির্ধারণ, অতিরিক্ত নোটিফিকেশন সীমিত করা, প্রাপ্তবয়স্কদের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের যোগাযোগে কড়াকড়ি, এআই চ্যাটবটের জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা এবং শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের কঠোর পর্যালোচনা।
অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস বলেছেন, মেটা শিশুদের নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি প্রাধান্য দিয়েছে। তিনি আরও বলেন, এই রায় শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং অন্য অঙ্গরাজ্য ও দেশগুলোর জন্যও একটি দৃষ্টান্ত। রায়ে আরও বলা হয়েছে, মেটার এআই চ্যাটবট যেন কোনো শিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক বা যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করছে এবং ভুল তথ্যের ভিত্তিতে করা এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাবে। এদিকে, আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে মেটা আরও একটি বড় মামলার মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে ২৯টি অঙ্গরাজ্য একই ধরনের আসক্তি তৈরির অভিযোগ তুলেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ৪০টির বেশি অঙ্গরাজ্য এবং ১ হাজার ৩০০টির বেশি স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরির অভিযোগে মামলা করেছে।




























