পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাড়ির তালা ভেঙে চুরি করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে উত্তেজিত জনতা তার হাত-পা বেঁধে একটি অটোরিকশায় করে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরকার ওই এলাকার দুলাল সরকারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। তার ধারাবাহিক অনৈতিক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, অতীতে স্বরূপকাঠি পৌর কৃষক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জুলাই পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম ভূঁইয়া জানান, গত শুক্রবার একটি বাড়িতে চুরির অভিযোগ ছিল সুমনের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় তাকে রাস্তায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে সরে যান। রাতে অন্য একটি বাড়িতে চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, আটক সুমনের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ






























