ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা বন্দরে হুথিদের ভয়াবহ হামলায় অন্তত ১১ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছেন। রোববার বন্দর এলাকা এবং এর পার্শ্ববর্তী আবাসিক এলাকা লক্ষ্য করে হুথিরা এই গোলাবর্ষণ চালায়। সরকারের মালিকানাধীন সাবা নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় একজন চিকিৎসা কর্মকর্তা।
সরকারি সূত্র জানিয়েছে, হামলায় বন্দরের কর্মী এবং তাদের আবাসস্থল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যার বিষয়ে কিছুটা ভিন্নতা রয়েছে; ইয়েমেনি গণমাধ্যম প্রাথমিকভাবে সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানালেও, এএফপি স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে যে নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক এবং আটজন সরকারি সেনা সদস্য রয়েছেন।
সামরিক সূত্রগুলো সাবাকে জানিয়েছে, হামলার সময় ইয়েমেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি হুথি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বন্দরের জেটি লক্ষ্য করে আসা একটি বিস্ফোরকবাহী হুথি বোটকেও সরকারি বাহিনী নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তথ্য উপমন্ত্রী ফায়াদ আল-নোমান জানিয়েছেন, এই হামলায় বন্দরের জেটি, বিভিন্ন ভবন এবং বাণিজ্যিক পণ্য ও খাদ্য সরবরাহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, মোখা এলাকায় সৌদি সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে তারা একটি বড় ধরনের ও উচ্চমানের সামরিক অভিযান চালিয়েছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে বলে তার দাবি।
এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সেনাবাহিনী তায়েজ শহরের উত্তর-পশ্চিমে আল-মাহরুর এলাকায় পাল্টা বোমা হামলা চালিয়েছে। এছাড়া মাকবানা ফ্রন্টের হামির এবং সাবির আল-মাসরাহ জেলার আল-আকরুদ ফ্রন্টে হুথিদের অবস্থানে গোলবর্ষণ করেছে সরকারি বাহিনী। একইসঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-মাদারিজ পাহাড়েও হুথিদের লক্ষ্য করে সরকারি বাহিনী হামলা চালিয়েছে বলে সাবা জানিয়েছে।
বাব আল-মানদেব প্রণালীর নিকটবর্তী মোখা বন্দরটি লোহিত সাগরের সাথে এডেন উপসাগরকে যুক্তকারী একটি কৌশলগত সামুদ্রিক পথ। বর্তমানে এটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ চলছে। যদিও ২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তবে গত মাস থেকে বিভিন্ন ফ্রন্টে নতুন করে লড়াই তীব্র হয়েছে।



























