আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট করেছেন যে, যখন আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলি, তখনই সমস্যার সমাধান হওয়া সম্ভব।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি নতুন খেলার জায়গার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানতে চাওয়া হলে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি তার অনেক বক্তৃতা শুনেছি, তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একজন জনবান্ধব মানুষ।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতার মধ্যে আলোচনা হয়, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তিনি ইংরেজি প্রবাদ উদ্ধৃত করে বলেন, 'হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড'। আমার পূর্ণ বিশ্বাস যে মানুষ সব এক আছে এবং এর একটি সমাধান অবশ্যই হবে। এখানে কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই ইতিবাচক।



























