দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও জালিয়াতির কারণে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া চারটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৯ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মূলত প্রতিষ্ঠানগুলো অবসায়নের চূড়ান্ত ধাপ হিসেবেই এই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসক নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের এই প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসকের পাশাপাশি দুইজন করে সহযোগী প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আভিভা ফাইন্যান্সে মো. আলাউদ্দিন হোসেন, এফএএস ফাইন্যান্সে আবু সামা মো. আতাউর রহমান, ইন্টারন্যাশনাল লিজিংয়ে মোহাম্মদ ইকবাল হোসেন এবং ফারইস্ট ফাইন্যান্সে মো. সাদেকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অবসায়নের চূড়ান্ত তালিকায় থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসেও প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে প্রতিষ্ঠানটিতে আদালত কর্তৃক নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ বহাল থাকায়, কেন্দ্রীয় ব্যাংক সেই পর্ষদ বাতিলের আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে। আদালতের নির্দেশনার পর সেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া পরিস্থিতির উন্নতির জন্য আরও চারটি প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই তালিকায় রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এসব প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে না পারলে পরবর্তী ধাপে অবসায়নের আওতায় পড়বে।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ ব্যাংক দুর্বল ২০টি আর্থিক প্রতিষ্ঠান চিহ্নিত করে সেগুলোর কার্যক্রম কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল। বিভিন্ন ধাপ অতিক্রম করে সর্বশেষ ৯টি প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সাময়িক সময় দেওয়া হয়েছে।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধ হলে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে একজন আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পান। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পুনরুদ্ধার বা সম্পত্তি বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ থেকে আমানতকারীদের পাওনা আনুপাতিক হারে পরিশোধ করা হয়। তবে এক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।






























