নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের হাতে জিম্মি হওয়া ৩৩ জনকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র আলিউ দানজা জানান, শনিবার জামফারা রাজ্যের সাফে এলাকা দিয়ে ভ্রমণের সময় এই ব্যক্তিরা অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের কবলে পড়েন। ঘটনার পরপরই সেনাবাহিনী একটি সামরিক অভিযান শুরু করে।
অভিযানের বর্ণনা দিয়ে আলিউ দানজা বলেন, সৈন্যরা সন্ত্রাসীদের লক্ষ্য করে কার্যকর গুলিবর্ষণ করে। এর ফলে বন্দুকধারীরা জিম্মি ব্যক্তিদের ফেলে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপরই সেনাবাহিনী ৩৩ জন অপহৃত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে। বর্তমানে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করতে সেনাবাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। তবে কারা এই হামলার পেছনে ছিল, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, নাইজেরিয়ার জামফারা রাজ্যে সম্প্রতি সহিংসতা ও অপহরণের ঘটনা অনেক বেড়ে গেছে। শুধু জুন মাসেই এই রাজ্যে আলাদা আলাদা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে চলমান বিদ্রোহে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রেসিডেন্ট বোলা টিনুবু বারবার সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও আফ্রিকার জনবহুল এই দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।





























