রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ। সোমবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগের দিন রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন এই বছরের 'সবচেয়ে বড় আকারের' হামলা চালিয়েছে। সেই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছিলেন। একই সময়ে ইউক্রেনের ওপর চালানো রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এদিকে রাশিয়ার আস্ট্রাখান অঞ্চলে ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর ইগর বাবুশকিন জানিয়েছেন। তিনি জানান, ইউক্রেনীয় ড্রোনটি একটি শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার হামলায় একটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানিয়েছেন।
গত কয়েক সপ্তাহে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। গত শনিবার রাতে রাশিয়া প্রায় ৮২২টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। রাশিয়ার কর্মকর্তাদের দাবি, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ড্রোন হামলা। শনিবার রাতের ওই হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে পাঁচজন এবং মস্কো অঞ্চলে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া বেলগোরোডে একটি বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন।
রাশিয়ার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা হয়েছে। ইউক্রেনের মেজর জেনারেল ভাদিম স্কিবিটস্কি এই হামলার পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ওয়াইল্ডবেরিজের মতো বিতরণ কেন্দ্রগুলো রাশিয়ার যুদ্ধ পরিচালনার লজিস্টিক ব্যবস্থার অংশ। তিনি দাবি করেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে ইউক্রেনের ১৩টি অঞ্চলে রাশিয়া ১,৫৫০টিরও বেশি ড্রোন, ১,৫৬০টি গাইডেড এরিয়াল বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া ইউক্রেনের জ্বালানি কোম্পানি নাফতোগাজ জানিয়েছে, গত সপ্তাহে তাদের স্থাপনায় ১৩ বার হামলা হয়েছে।




























