অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল অবকাঠামো লক্ষ্য করে একটি সাইবার হামলা চালানো হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে ব্রাসেলসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ২৭টি সদস্য রাষ্ট্রের এই জোটের ইতিহাসে এআই-চালিত সাইবার হামলার শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেগনিয়ার জানিয়েছেন, গত ২২ অক্টোবর প্রথম এই হামলার বিষয়টি শনাক্ত করা হয়। এরপরই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং তাৎক্ষণিকভাবে কিছু 'সতর্কতামূলক ব্যবস্থা' গ্রহণ করে। রেগনিয়ার বলেন, 'এআই-সহায়তা প্রাপ্ত টুলগুলো দুর্বলতা শনাক্ত করার কাজে ব্যবহার করা যেতে পারে এবং বিশেষ করে সেগুলোর অপব্যবহার হতে পারে। আমরা নিশ্চিত করছি যে এই হামলাটি এআই টুল ব্যবহার করেই করা হয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে অনেক সাইবার হামলার ঘটনা ঘটছে এবং এর থেকে কেউ মুক্ত নয়।'
হামলাটি কারা চালিয়েছে বা এর পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পলিটিকো নামক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই হামলাটি অন্তত ১০ দিন স্থায়ী ছিল। এতে ইইউ-এর অনুবাদ ও অর্থ ফেরতের টুলগুলোর পাশাপাশি বেতন ও কর্মঘণ্টার হিসাব রাখার ডাটাবেজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রেগনিয়ার এই নির্দিষ্ট প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে রাজি হননি।
মুখপাত্র আরও জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যার বেশিরভাগই বর্তমানে পুনরায় চালু করা হয়েছে। এখন পর্যন্ত কমিশনের কর্মীদের কোনো ডাটা বা তথ্য চুরির (ডাটা ব্রিচ) প্রমাণ পাওয়া যায়নি। ব্রাসেলসে ইইউ-এর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার কর্মী কর্মরত রয়েছেন এবং তাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে 'সার্ট-ইইউ' (CERT-EU) নামক সংস্থাটি।





























