সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। হামলার পর বসতবাড়ির প্রবেশগেটে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বেলকুচির ওই বাড়িতে কেবল তার অসুস্থ বাবা ও মা ছিলেন। মাহিন সরকার জানান, দুর্বৃত্তরা বাড়ির ভেতরের অংশ লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করেছিল। তবে সেটি দেয়ালে লেগে প্রবেশগেটে গিয়ে পড়ে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
এই হামলার ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপি নেতা মাহিন সরকার। তিনি বলেন, অনলাইন মাধ্যমসহ বিভিন্ন উপায়ে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকির ধারাবাহিকতায়ই এই হামলা চালানো হয়েছে বলে তার ধারণা। ঘটনার পরপরই বিষয়টি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর আশ্বাস দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয়। কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এবং স্থানীয়রাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।



























