মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দিজ পর্বতমালায় ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় দুপুর ১টায় (১৮:০০ জিএমটি) এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশের উপাহুচো শহর থেকে ৩৮ কিলোমিটার (২৪ মাইল) উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ৬৬.৭ কিলোমিটার।
ভূমিকম্পটি পেরুর দক্ষিণাঞ্চলের ইকা এবং আরেকিপাসহ বেশ কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ২০০৭ সালে ইকা অঞ্চলের একটি প্রদেশে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।




























