ইউরোপীয় দলবদলের বাজারের শেষ মুহূর্তে এসে নিজেদের স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে হিমশিম খাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। এই সুযোগে স্ট্যামফোর্ড ব্রিজের খেলোয়াড়দের দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান ক্লাবগুলো। স্প্যানিশ স্ট্রাইকার মার্ক গিউকে দলে নিতে চেলসির সঙ্গে যোগাযোগ করেছে নাপোলি। তবে উইঙ্গার জ্যামি গিটেন্সকে ধারে পেতে রোমার করা প্রস্তাব নাকচ করে দিয়েছে ব্লুজরা।
ইতালির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলবদলের মৌসুমের শেষ দিকে এসে চেলসির দলে অতিরিক্ত খেলোয়াড় থাকায় ক্লাবটির দরজায় কড়া নাড়ছে অন্যান্য দলগুলো। ২০ বছর বয়সী স্প্যানিশ অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক তারকা মার্ক গিউ চলতি মৌসুমে চেলসির কোনো স্কোয়াড নম্বরও পাননি। তা সত্ত্বেও এই স্ট্রাইকারের জন্য চেলসি ৩০ মিলিয়ন ইউরো দাবি করছে বলে জানা গেছে। স্কাই স্পোর্ট ইতালিয়া দাবি করেছে, গিউকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দলে নিতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে নাপোলি।
অন্যদিকে, স্পোর্টইতালিয়ার ট্রান্সফার পন্ডিত আলফ্রেডো পেদুল্লার প্রতিবেদন অনুযায়ী, রোমা এখনও আশা করছে যে জাবি আলোনসোর কাছ থেকে গিটেন্সকে ধারে পাওয়া যাবে। প্রিমিয়ার লিগের ক্লাবটি এখন পর্যন্ত এই শর্তে রাজি হতে অস্বীকৃতি জানালেও দলবদলের সময় ফুরিয়ে আসার সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ২২ বছর বয়সী এই ইংলিশ উইঙ্গার মাঠের বাম ও ডান—উভয় পাশেই খেলতে পারেন। মাত্র এক বছর আগে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৫৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল চেলসি।




























