ডান হাঁটুর চোটের কারণে এ বছরের ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ইতালিয়ান এই তারকা নিজেই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনার জানিয়েছেন, তার দল ও মেডিকেল স্টাফদের সাথে কঠোর পরিশ্রম করার পরও শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সম্প্রতি মন্টে কার্লোতে কোর্টে ফিরে অনুশীলন শুরু করলেও তিনি বুঝতে পারেন যে ডান হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার আরও সময়ের প্রয়োজন রয়েছে।
গত ১২ জুলাই উইম্বলডন জয়ের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ৫ বারের এই গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। চোটের কারণে এর আগে তিনি ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাটি ও মন্ট্রিল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
২৪ বছর বয়সী এই তারকা বলেন, "আমি অত্যন্ত দুঃখিত ও হতাশ, কারণ নিউ ইয়র্ক আমার হৃদয়ে একটি বিশেষ স্থান জুড়ে রয়েছে। সেখানকার দারুণ সব ভক্তদের সামনে এবং চমৎকার পরিবেশে খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।" সিনার আপাতত ইউরোপেই অবস্থান করবেন এবং বেইজিং ও সাংহাইয়ের মতো এশিয়ান টুর্নামেন্টগুলোকে লক্ষ্য রেখে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
২০২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। ৪৪টি জয়ের বিপরীতে মাত্র ৩টি হার এবং উইম্বলডনসহ মোট ৬টি শিরোপা জিতেছেন তিনি। তবে ফ্রেঞ্চ ওপেনে ফেভারিট হিসেবে খেলতে নেমে তীব্র দাবদাহের কারণে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়ে বড় ধাক্কা খেয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে ইউএস ওপেন জিতলেও গত বছরের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরেছিলেন সিনার।
অন্যদিকে, সিনারের অন্যতম প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজ কবজির চোটের কারণে চার মাসেরও বেশি সময় কোর্টের বাইরে থাকার পর ইউএস ওপেন দিয়ে আবারও প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার ঘোষণা দিয়েছেন।



























