গ্রিসের ক্রিট দ্বীপে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে বারবিকিউ জ্বালানোর মাধ্যমে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি পর্যটককে আটক করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই নাগরিককে শনিবার পুলিশ হেফাজতে নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার তাকে রেথিমনোর একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পর্যটন শহর প্লাকিয়াসের নিকটবর্তী একটি ভাড়া করা ভিলার আঙিনায় বেশ কয়েকজন ইসরায়েলি পর্যটক অবস্থান করছিলেন। সেখানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালানোর পর বাতাসের কারণে আগুনের স্ফুলিঙ্গ উড়ে গিয়ে পাশের শুকনো গাছপালায় পড়ে। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের খোলা এলাকায় ছড়িয়ে পড়ে।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে কাজ করেন। প্রায় চার ঘণ্টার দীর্ঘ ও ক্লান্তিকর প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল পরিস্থিতি বিরাজ করছে। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের এক দাবানলের কারণে হাজার হাজার বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল। এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউ জ্বালানোসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে গ্রিস কর্তৃপক্ষ।



























