ইতালীয় ক্লাব রোমা এবং তুর্কি ক্লাব ফেনারবাচে জেইডেন ওস্টারওল্ডের দলবদলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ডাচ এই ডিফেন্ডারকে প্রাথমিকভাবে লোনে দলে ভেড়াচ্ছে রোমা। এই চুক্তিতে প্রায় ১৮ মিলিয়ন ইউরোর একটি বাই-অপশন রাখা হয়েছে, যা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে বাধ্যতামূলক ট্রান্সফারে রূপ নেবে। এই শর্তগুলোর মধ্যে খেলোয়াড়টির মাঠে উপস্থিতির সংখ্যা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ৪৮ ঘণ্টা ধরে চলা নিবিড় আলোচনার পর এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। রোমা এই বাধ্যতামূলক শর্তটি যোগ করেছে কারণ ওস্টারওল্ডের শারীরিক ইনজুরির ইতিহাস রয়েছে। সিরি আ-তে খেলা রোমা ইতিমধ্যে খেলোয়াড়টির সাথে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছেছে।
বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ওস্টারওল্ডকে সোমবারের মধ্যেই রোমায় পৌঁছে মেডিকেল সম্পন্ন করতে হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফেনারবাচের একটি ম্যাচের সময় টানেলে তাকে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কাঁধ ঝাকিয়ে উত্তর দেন, "ফেনারবাচেকে জিজ্ঞাসা করুন।"


























