চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামের এক সাবেক ইউপি সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে এবং তিনি ওই ইউনিয়নের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ফজরের নামাজ আদায়ের পর আব্দুল খালেক নিয়মিত হাঁটার জন্য বের হয়েছিলেন। পথিমধ্যে বড় দারোগারহাট বাজারের কাছে পৌঁছালে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার পাশাপাশি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ































