রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এই সময়ের মধ্যে বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জন, তেজগাঁও থেকে ৬৭ জন, ওয়ারী ও উত্তরা বিভাগ থেকে ৫০ জন করে, লালবাগ থেকে ৪৫ জন, মতিঝিল থেকে ৩৬ জন, গুলশান থেকে ৩১ জন, রমনা থেকে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে পুলিশ দুইজন ভিকটিমকেও উদ্ধার করেছে।
পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।



























