জার্মানির বার্লিনে একটি প্যারেড চলাকালীন ভিড়ের ওপর গাড়ি উঠে পড়ে একজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে (২০:০০ জিএমটি) বার্লিনের টিয়ারগার্টেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জার্মান সংবাদমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি সাদা রঙের ভ্যান দ্রুত গতিতে প্যারেডের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনার পরপরই জরুরি ডিসপ্যাচ সেন্টারে বিপুল সংখ্যক মানুষ হতাহতের সতর্কতা জারি করা হয়। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকাজে ৪৪ জন জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও জরুরি সেবা কর্মীরা আহতদের চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর আয়োজকরা ওই এলাকায় প্যারেড বন্ধ ঘোষণা করেন।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরে গিয়ে জরুরি সেবা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। চালক কে ছিলেন বা ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।






























