আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না দেখা গেলেও, আবারও মাঠ মাতাতে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে তিনি বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন। আগামী ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠতে যাওয়া এই টুর্নামেন্টে এশিয়ার ছয়টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জার্সি উন্মোচনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। ৩১ জুলাই পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্সের লড়াইয়ের পর দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স মাঠে নামবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে টুর্নামেন্টটির তিন মৌসুমের সম্প্রচার চুক্তি থাকায় ক্রিকেটপ্রেমীরা সরাসরি খেলাগুলো উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ টাইগার্স দলে সাকিবের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলক কাপালি। এছাড়া স্কোয়াডে আরও রয়েছেন নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও ইমন আহমেদ। এছাড়াও টুর্নামেন্টটিতে ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন।































