নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর লিভারপুল তারকা আলেকজান্ডার ইসাককে সতর্কবার্তা দিয়েছেন ক্লাবের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন। সুইডেনের এই ফরোয়ার্ড গত গ্রীষ্মে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল থেকে অ্যানফিল্ডে যোগ দিলেও এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ওয়েন মনে করেন, ইসাকের অফ-ফর্মের পেছনে চোটের অজুহাত দেওয়ার সময় এখন শেষ হয়ে আসছে এবং লিভারপুলের স্বার্থেই তাকে দ্রুত ফর্মে ফিরতে হবে।
গত ২০২৫/২৬ মৌসুমে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ইসাক। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তিনি মাত্র ৪টি গোল করতে পেরেছিলেন। প্রথমে ডিসেম্বরে পায়ের হাড় ভেঙে যাওয়া এবং পরবর্তীতে মে মাসে কুঁচকির চোটে পড়েন তিনি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে তিনি সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরেন এবং সুইডেনের হয়ে চার ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে খেলেন। যদিও শেষ ৩২-এর রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় সুইডেন। বিশ্বকাপ ও প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করার পর এখন ইসাকের ওপর থেকে চোটের অজুহাত পুরোপুরি কেটে গেছে বলে মনে করেন ওয়েন।
টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চোটের অভিজ্ঞতার কথা স্মরণ করে ওয়েন বলেন, "আমার ক্যারিয়ারেও অনেক চোট ছিল, তাই আমি জানি ফিরে আসা কতটা কঠিন এবং এজন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। আমরা তাকে সময় দিয়েছি, সবাই বিষয়টি বুঝতে পেরেছে। কিন্তু সে মৌসুম শেষ করেছে, বিশ্বকাপে খেলেছে এবং এখন একটি প্রাক-মৌসুমও কাটিয়েছে। তাই এখন মনে হচ্ছে আমাদের অজুহাত শেষ হয়ে আসছে।" ওয়েন আরও যোগ করেন যে, মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ায় এবং হুগো একিতিকে চোটে পড়ায় লিভারপুলের আক্রমণভাগে বিকল্প খুবই কম। তাই এই মুহূর্তে ইসাকের সেরা ফর্মে থাকা দলটির জন্য অত্যন্ত জরুরি। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে তাকে দেখে বেশ ধীরগতির মনে হয়েছে, যা লিভারপুলের জন্য চিন্তার কারণ।
গত রবিবার সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের মুখোমুখি হয়েছিল লিভারপুল। সাবেক ক্লাবের মাঠে ফেরার পর নিউক্যাসল সমর্থকদের কাছ থেকে চরম বৈরী আচরণের শিকার হন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত গ্রীষ্মে অ্যানফিল্ডে যাওয়ার জন্য নিউক্যাসলের হয়ে অনুশীলন করতে অস্বীকৃতি জানানোর বিষয়টি সমর্থকরা এখনও ভুলে যাননি। ফলে ম্যাচে প্রতিবার বল স্পর্শ করার সময়ই তাকে গ্যালারি থেকে দুয়ো ও শিস শুনতে হয়েছে। ম্যাচে একটি সহজ সুযোগও নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত লিভারপুল দেরিতে গোল করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচটি দ্রুতই ভুলে যেতে চাইবেন ইসাক। আগামী ২৯ আগস্ট, শনিবার অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে অলরেডরা।































