মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। শি জিনপিং স্পষ্ট করেন যে, চীন সবসময় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নেয়। এ সময় তিনি জর্ডানসহ আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ফিলিস্তিন সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক আলোচনার ওপর জোর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতেই ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করা সম্ভব। মধ্যপ্রাচ্যে জর্ডানের বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন শি জিনপিং। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জর্ডান একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে এবং অন্যদিকে ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এক কঠিন ভারসাম্য বজায় রেখে চলছে।
বৈঠক শেষে চীন ও জর্ডান কূটনীতি, বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে উভয় দেশ।
সূত্র: গালফ বাংলা






























