সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে বিয়ের নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করার দাবিটি বেশ আলোচনার জন্ম দেয়। এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৫ আগস্ট মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে বিস্তারিত বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি পুনরায় বিয়ে করেননি এবং কোনো ধরনের ‘চুক্তিভিত্তিক বিয়ে’ বা এ জাতীয় সম্পর্কেও জড়াননি।
প্রভা তার পোস্টে ছড়িয়ে পড়া তথ্যগুলোকে শতভাগ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। তিনি এ ধরনের দাবির সপক্ষে কোনো প্রকৃত প্রমাণ দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। অভিনেত্রী জানান, গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবকের সঙ্গে তার বিয়ের যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব। এই ধরনের ভিত্তিহীন সংবাদের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রভা বলেন, লেখার শক্তি অনেক বেশি এবং একই কলম দিয়ে কাউকে চমৎকার আবার কাউকে ভয়ংকর হিসেবে উপস্থাপন করা সম্ভব। তাই ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সংবেদনশীল তথ্য প্রকাশের আগে তা যাচাই করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা জরুরি। তিনি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন যেন তারা কোনো গুজব বা অপপ্রচারে কান না দেন। তিনি স্পষ্ট করেছেন যে, তার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের যেকোনো সত্য খবর তিনি নিজেই তার ফেসবুকের মাধ্যমে জানাবেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা ছবি প্রকাশের পর থেকেই তার বাগদান নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, যা পরে আরও জোরালো হয়। ২০০৫ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রভা টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন। তিনি বর্তমানে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।































