রক্ষা বন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপন নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিভা। গত ২০ জুলাই প্রচার শুরু হওয়া এই বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের দাবি, উৎসবের আমেজ ও ধর্মীয় রীতির সঙ্গে এই পোশাক সামঞ্জস্যপূর্ণ ছিল না, যা অনেককে ক্ষুব্ধ করেছে।
এই বিতর্কে যোগ দেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও। তিনি সরাসরি কৃতির নাম উল্লেখ না করলেও ইনস্টাগ্রামে মন্তব্য করেন যে, বর্তমান সময়ে নারীদের পোশাকের অনেক বিকল্প থাকা সত্ত্বেও রক্ষা বন্ধনের বিজ্ঞাপনের জন্য এমন পোশাক নির্বাচন ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান চাপের মুখে বুধবার জিভা এক বিবৃতিতে জানায়, তারা ভারতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের মূল উদ্দেশ্য ছিল পোষ্যদেরও রক্ষা বন্ধনের উদযাপনের অংশ করে তোলা, কাউকে আঘাত করা নয়। জনমতের প্রতি সম্মান জানিয়ে বিজ্ঞাপনটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার আগেই কৃতি শ্যানন নিজে এই সমালোচনার জবাব দিয়েছিলেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, রক্ষা বন্ধনের আসল অর্থ পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আবেগীয় বন্ধন। তিনি জানান, তিনি ও তার বোন একে অপরকে রাখি পরান এবং তাদের পোষা কুকুরদেরও একই সুরক্ষার প্রতিশ্রুতি দেন। কৃতি আরও প্রশ্ন তোলেন যে, সমাজ কেন নারীদের পোশাক নিয়ে এমন কঠোর অবস্থানে থাকে। তার মতে, একজন নারীর সাংস্কৃতিক মূল্যবোধ তার পোশাকের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না।
এদিকে, এই বিতর্কের বিপরীতে অনেক নেটিজেন কৃতির পোশাক নিয়ে সমালোচনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, কৃতি যখন পর্দায় সাঁতারের পোশাক পরেন তখন কেউ আপত্তি করেন না, কিন্তু ব্যক্তিগত জীবনে পোশাক নিয়ে এমন রক্ষণশীলতা দেখানো স্ববিরোধী।
সূত্র: গালফ নিউজ































