নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই দুর্যোগের বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, প্রাকৃতিক এই দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় পর্যটকরাও রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও দেশের জনগণ নেপালের সরকার এবং সে দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। দুর্যোগে নিহতদের স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেন।
একই সঙ্গে, নেপালের বর্তমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে। দুর্যোগকবলিত দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে এই সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।





























