চীনের বেইজিংয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী 'ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে' ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়েছে একটি রোবট। বুধবার শেষ হওয়া এই প্রতিযোগিতায় টিয়াংগং আল্ট্রা মডেলের রোবটটি মাত্র ৮.৬৪ সেকেন্ডে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করে। এটি ছিল টানা দ্বিতীয় দিনে রোবটটির নতুন রেকর্ড গড়ার ঘটনা। এর আগে মঙ্গলবার রোবটটি ৮.৮৬ সেকেন্ডে এবং চার দিন আগে ৯.৩৯ সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করেছিল। উল্লেখ্য, ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া মানব দৌড়বিদদের ১০০ মিটারের বিশ্বরেকর্ডটি ৯.৫৮ সেকেন্ডের।
প্রতিযোগিতা চলাকালীন রোবটগুলোর দৌড় শেষ হওয়ার পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। চ্যাম্পিয়ন রোবটসহ বেশ কয়েকটি রোবট দৌড় শেষ করার পর প্যাডেড দেওয়ালে আঘাত করে। এ সময় কয়েকটি রোবট থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ছুটে আসেন এবং মাটিতে পড়ে থাকা রোবটগুলোর ওপর রাসায়নিক স্প্রে করেন। শেষ পর্যন্ত প্রায় সব রোবটকেই স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রণযোগ্য পরিবেশে রোবটগুলো দৌড়ের ট্র্যাকে ভালো অগ্রগতি দেখালেও বাস্তব জগতের জটিলতায় কাজ করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ওরেগন স্টেট ইউনিভার্সিটির রোবোটিক্সের অধ্যাপক জোনাথন হার্স্ট বলেন, রোবটের প্রকৃত অগ্রগতি পরিমাপ করা হবে কারখানা বা গুদামঘরে, যেখানে তারা স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘ সময় ধরে কাজ করে অর্থনৈতিক মূল্য তৈরি করতে পারবে।
এই প্রতিযোগিতায় দুই হাজারেরও বেশি হিউম্যানয়েড রোবট ফুটবল, বক্সিং এবং দৌড়সহ অলিম্পিক ধাঁচের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এছাড়া রোবটগুলো গৃহস্থালি কাজ, হোটেল পরিষেবা এবং জরুরি উদ্ধার তৎপরতার মতো বাস্তবধর্মী কাজেও দক্ষতা প্রদর্শন করে। রেকর্ড স্থাপনকারী টিয়াংগং আল্ট্রা রোবটটি বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্স (এক্স-হিউম্যানয়েড) দ্বারা তৈরি, যা ২০২৩ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।





























