চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রামদাশপুর সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর আওতাধীন রামদাশপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ওই ৬ জন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালাচ্ছিলেন।
বিএসএফের এই তৎপরতার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় রামদাশপুর বিওপির বিজিবির একটি টহল দল। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুশইনের শিকার ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের (জিরো লাইন) ভেতরে অবস্থান করতে দেখেন। এরপর বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা প্রদান করেন।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর বর্তমানে ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।






























