জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফর হয়েছে, যা বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি অদূর ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ের সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর তালিকায় উল্লেখ করে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান এবং বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়া তিনি সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, মধ্যপ্রাচ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কথা বলেছেন। তিনি জানান, ৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই চুক্তিটি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত। মন্ত্রী স্পষ্ট করেন যে, চুক্তিটি তিনটি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ বর্তমানে এর সদস্য নয়। তবে তিনি যোগ করেন, যদি চুক্তিবদ্ধ দেশগুলো বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার অভিপ্রায় প্রকাশ করে, তবে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি আরও উল্লেখ করেন, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় অন্যান্যদের এতে উদ্বেগের অবকাশ নেই।






























