নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটিতে চলমান ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৯১০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে নেপাল পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ জন সদস্য এবং নেপাল পুলিশের ২৮ জন সদস্য রয়েছেন।
তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের বিভিন্ন এলাকায় আঘাত হানা আকস্মিক বন্যার পর দেশজুড়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য পুলিশ, সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৯ হাজার ২৬০ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে।
এদিকে, বন্যার ফলে চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এই হ্রদের তীর ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় মডেলিং প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিতে থাকা পানির পরিমাণের হিসাব করেছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদটির তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।






























